রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে একটি একে-২২ রাইফেল ও বোমা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টার থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন- নুরুল ইসলাম ও শামীম ওরফে আব্দুল্লাহ।
রেলওয়ে পুলিশের ডিআইজি কামরুল আহসান জানান, ঢাকায় এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে পৌঁছালে রেলওয়ে পুলিশ ট্রেনটিতে অভিযান চালিয়ে নুরুল ইসলাম ও শামীম ওরফে আব্দুল্লাহ নামে ২ জনকে গ্রেফতার করা হয়।
আটককৃতদের নিকট থেকে একটি একে-২২ রাইফেল, ২ টি ম্যাগাজিন, ৮ টি অ্যামুনিশন, ৩ টি সুইচ গিয়ার চাকু, ১০ টি পাওয়ার জেল এক্সপ্লোসিভ রোল, ১০টি ডেটোনেটর উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ডেটোনেটর ও এক্সপ্লোসিভ রোল বেশ শক্তিশালী বলে জানিয়েছে ডিএমপি’র বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা।
এ ব্যাপারে বিকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রেল মন্ত্রী মুজিবুল হক বলেন, নাশকতার উদ্দেশ্যে এগুলো ঢাকায় আনা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
[b]ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেবি // জেআই // জেইউ[/b]