বরিশাল-৫ (সদর) আসনের উপনির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মীর মো. শাজাহানকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার দুপুরে তাকে এ দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। তার পরিবর্তে বরিশালের জেলা প্রশাসক মো. শহীদুল আলমকে রিটানিং কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়েছে ।
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ফরহাদ হোসেন জানান, নির্বাচন কমিশনে আপিল শুনানির রায়ে তথ্য ফাঁসের অভিযোগে তাকে প্রত্যাহার করা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, ১ শতাংশ ভোটারের স্বাক্ষর-সংবলিত কাগজে ত্রুটি থাকায় বরিশাল সদর আসনের রিটার্নিং কর্মকর্তা মীর মো. শাজাহান স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মোয়াজ্জেম হুসাইনের প্রার্থিতা বাতিল করেন। এর বিরুদ্ধে সৈয়দ মোয়াজ্জেম নির্বাচন কমিশনে আপিল করেন। আপিলের কাগজপত্র যাচাই-বাছাই করে কমিশন দেখতে পায়, আওয়ামী লীগের প্রার্থী বেগম জেবুন্নেছা আফরোজ হিরন একটি মুদ্রিত আপত্তি দরখাস্ত রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করেছেন, যাতে প্রার্থী সৈয়দ মোয়াজ্জেম হুসাইনের ১ শতাংশ ভোটারের স্বাক্ষর-সংবলিত বিশেষ ক্রমিকে ত্রুটি রয়েছে। প্রার্থী সৈয়দ মোয়াজ্জেমের তথ্য আগেভাগে জেবুন্নেছা আফরোজের কাছে ফাঁস করা না হলে এমনটি হওয়ার কথা নয়। তাছাড়া রিটার্নিং কর্মকর্তা  একজন প্রার্থীকে (আ.লীগ) বিশেষ সুবিধা দেয়ার চেষ্টা করেছেন। এছাড়া তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে। এরপরে এ বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করে নির্বাচন কমিশন।
[b]ঢাকা, এএম, ২৮ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]