চুয়াডাঙ্গার ট্রেনে কাটা পড়ে স্থানীয় দৈনিক মাথাভাঙ্গার এক সাংবাদিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত সাংবাদিকের নাম সদরুল আলম নিপুন (২৯) বলে জানা যায়।
বুধবার সকালে মোমিনপুর রেলস্টেশনের পাশ থেকে সদরুলের লাশ উদ্ধার করা হয়।  
জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে সদরুল একটি ফোন পেয়ে রেল স্টেশন এলাকায় যায়। এরপর সে আর বাড়ি ফেরেনি।
এদিকে বুধবার সকাল ৭টার দিকে মোমিনপুর প্লাটফর্মের উত্তর পাশে শরীর থেতলে যাওয়া ও এক পা বিচ্ছিন্ন নিপুনের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পোড়াদহ জিআরপি পুলিশে খবর দেয়। জিআরপি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, পূর্ব শত্রুতার জের ধরে তাকে খুন করা হয়েছে।
পোড়াদহ জিআরপি থানার এসআই খোরশেদ আলম জানান, এটি হত্যা না আত্মহত্যা তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পরই বিষয়টি পরিষ্কার হবে।
নিহত সদরুল আলম সদর উপজেলার মোমিনপুর স্টেশন পাড়ার মরহুম নূর মোহাম্মদের ছেলে।
[b]ঢাকা, ২১ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]