সিলেটে ছাত্রলীগের একই দলের তিন ক্যাডারকে আটক করেছে পুলিশ। মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদারের বাসায় হামলার প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ধারালো অস্ত্র।
রোববার সকাল ৭টার দিকে নগরীর তালতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এসময় পুলিশের সঙ্গে ছাত্রলীগ ক্যাডারদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। ওই সময় কয়েক রাউন্ড গুলির শব্দও শোনা গেছে।
আটককৃতরা হলেন, ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি তুষার, ছাত্রলীগ কর্মী সুদীপ ও মোশাহিদ। তারা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি আবুল হাসনাত বুলবুলের অনুসারী।
আটক তিনজন কোতোয়ালী থানা হাজতে থাকলেও ওসি আটকের বিষয়টি অস্বীকার করেছেন। আটককৃতদের ছাড়িয়ে নিতে আওয়ামী লীগের কয়েকজন নেতা তদ্বির করছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব নিয়ে শনিবার রাতে রাহাত অনুসারীরা বুলবুলের বাসায় হামলা চালায়। এর জবাব দিতে রোববার সকালে বুলবুল অনুসারীরা রাহাতের বাসায় হামলার উদ্দেশ্যে কালিঘাটের দিকে যাচ্ছিল বলে দলীয় সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে জানতে সিলেট কোতোয়ালী মডেল থানার ওসি আতাউর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ছাত্রলীগ ক্যাডারদের আটকের বিষয়টি অস্বীকার করেন। তালতলায় ছাত্রলীগের সঙ্গে পুলিশের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলেও তার জানা নেই বলে দাবি করেন।
[b]ঢাকা, ২৫ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]