[b]ঢাকা:[/b] আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য দশম জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।
বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
নির্বাচনের জন্য পরিবেশের যথেষ্ট উন্নতি হয়েছে। সামনের কয় দিনে আরো ভালো হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার।
বিরোধী দলের অবরোধ কর্মসূচি নির্বাচনে অসুবিধা করবে কী না? এমন প্রশ্নের উত্তরে সিইসি বলেন, 'অবরোধ এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতে সমস্যা করে। নির্বাচন যেহেতু স্থানীয় পর্যায়ে হবে অতএব তেমন সমস্যা হবে না।'
তিনি আরো বলেন, আমরা চেয়েছিলাম সকল দলের অংশ গ্রহনে একটি নির্বাচন।
কিন্তু সেটা না হওয়ায় সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই বসে থাকার সুযোগ নেই।  
নির্বাচনের পরেও সেনাবাহিনী মাঠে থাকবে, পরিবেশ ভাল থাকলে ৯ তারিখের পর সেনা সদস্যরা ব্যারাকে ফিরবে বলে জানান কাজী রকিবউদ্দীন আহমদ।