[b]ঢাকা:[/b] সারাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার সুষ্ঠু বিচারের জন্য আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠন করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতারা।
আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে সম্মিলিত পেশাজীবী পরিষদের মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে।সমাবেশে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শওকত মাহমুদ বলেন, সাম্প্রদায়ীকতার অভিযোগ তুলে সংবিধান লঙ্ঘন করা হয়েছে। সংখ্যালঘুদের রক্তের ওপর দাঁড়িয়ে সরকার গঠন করলে তা বেশি দিন স্থায়ী হবে না।’
তিনি প্রশ্ন রেখে বলেন, ‘যেখানে যৌথ বাহিনীর ভয়ে বিরোধী দলের নেতাকর্মীরা ঘরে থাকতে পারছে না সেখানে তারা কীভাবে সংখ্যালঘুদের ওপর হামলা করতে রাস্তায় নামে?’
ফেডারেল সাংবাদিক ই্উনিয়নের একাংশের সভাপতি রুহল আমিন গাজী বলেন, আগুন নিয়ে খেলবেন না। এদেশে সংখ্যালঘুরা আমাদের ভাই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ আমাদের ভাই। আমরা সবাই বাঙালি।’
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আব্দুল হাই সিকদার অভিযোগ করে বলেন, ‘যশোর ও পাবনায় ধর্মীয় সংখ্যালঘুদের ওপর যেসব হামলা হয়েছে এসব হামলার তদন্ত হয়নি। কেননা সেইসব হামলার সাথে সরকারি দলের কর্মীরা জড়িত ছিল।’
সমাবেশে আরো বক্তব্য রাখেন- চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম, সাংবাদিক নেতা জাহাঙ্গীর আলম প্রধান,  কৃষিবিদ একরামুল হক, আ,ফ,ম ইউছুফ হায়দার প্রমুখ।