নারায়ণগঞ্জে অ্যাডভোকেট মানিক সরকার নিখোঁজ হওয়ার প্রতিবাদে আদালত বর্জন করেছেন আইনজীবীরা। এ সময় আইনজীবীরা মানিক সরকার নিখোঁজ হওয়ার প্রতিবাদে আদালতে চত্ত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। পরে তারা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রুট অবরোধ করে বিক্ষোভ দেখায়। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সোমবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ আদালতের আওয়ামীলীগ, বিএনপি সমর্থিত আইনজীবীরা একত্রিত হয়ে আদালত বর্জন করে। আদালত চত্ত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন আইনজীবীরা।
সমাবেশে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সাবেক সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান, অ্যাডভোকেট আবদুল বারী ভূঁইয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাভোকেট খোকন সাহা সহ অন্যান্য আইনজীবীরা।
সমাবেশে বক্তারা বলেন, নারায়ণগঞ্জ এখন খুন ও গুমের নগরীতে পরিণত হয়েছে। যেখানে আইনজীবীদেরও কোন নিরপত্তা নেই। আইনজীবীরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। যতক্ষন পর্যন্ত অ্যাডভোকেট মানিক সরকারের সন্ধ্যান না পাওয়া যাবে ততক্ষন পর্যন্ত আইনজীবীদের এ আন্দোলন চলবে বলে তারা ঘোষণা দেন।
পরে আইনজীবীরা একটি মিছিল নিয়ে বেলা পৌনে ১১ টায় ঢাকা- নারায়ণগঞ্জ লিংক রুট অবরোধ করে। এ রির্পোট লেখা সময় সোয়া ১১ টা পর্যন্ত আইনজীবীরা লিংক রুটে বাঁশ ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ পালন করছেন।
এ দিকে পুলিশ আইনজীবীদের বিক্ষোভ সমাবেশের সামনে নীরব ভূমিকা পালন করছেন।
[b]ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]