তিন বছর ভারতে কারাভোগ শেষে বেনাপোল চেকপোষ্ট দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলো ১৮ বাংলাদেশী শিশু-কিশোর।
সোমবার সন্ধ্যায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশের কাছে এদের হস্তান্তর করে। পরে ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
এদের মধ্য থেকে ১০ জনকে মহিলা আইনজীবি সমিতি, মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ৬ জন ও আহছানিয়া মিশন ২ জনকে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেয়ার দায়িত্ব নিয়েছে।
ফেরত আসা শিশু কিশোররা হলো হারুর-অর-রশিদ , বাবু মন্ডল, নয়ন হোসেন, সবুজ,  জসিম হাওলাদার, গফ্ফার, আবদুর রহমান, খোরশেদ আলম, মামুনুর রশিদ, মিলন শেখ, আল-আমিন,  রাকেশ, মইনুর রহমান, সুমন হোসেন, বিজয় বিশ্বাস, অমিতোষ, আলী হোসেন ও শাহরিয়ার দিপু।
এদের বাড়ি খুলনা, চুয়াডাঙ্গা, যশোর, সাতক্ষীরা ও ঝিনাইদহ জেলার বিভিন্ন থানা এলাকায়।
চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, দেশে ফেরত আসা এই ১৮ বাংলাদেশি শিশু কিশোর ৩ বছর আগে ভাল কাজের সন্ধানে দালারের মাধ্যমে বিভিন্ন সীমান্তের অবৈধ পথে ভারত যায়। পশ্চিমবাংলার কোলকাতায় কাজ করার সময় সেখানকার পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়।
আদালত অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের তিন বছরের সাজা দেয়। জেলহাজত থেকে তাদেরকে দূর্বাশ্রম সেন্ট্রাল জেলখানায় (কোলকাতায়) পাঠানো হয়।
[b]যশোর, ৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]