নোয়াখালী জেলার সদর উপজেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মফিজুর রহমান হত্যার ঘটনায় সাগর (১৯), বাপ্পী (১৮) ও মুন্না (১৯) নামে  তিন ব্যক্তিকে আটক করেছে নোয়াখালী গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার রাত ৯টার দিকে জেলা ডিবি পুলিশের ওসি খন্দকার শাহ নেওয়াজ গ্রেফতারের বিষয়টি  নিশ্চিত করেন। গ্রেফতারকৃতদের সবার বাড়ি নোয়াখালীতে।
ডিবি জানায়, জেলা কমিউনিস্ট পার্টির নেতা মফিজুর রহমান হত্যার ঘটনায় বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহর মাইজদীর একটি বাসায় অভিযান চালিয়ে সাগরকে গ্রেফতার করা হয়।
পরে সাগরের দেওয়া তথ্য মতে শুক্রবার দুপুরে ঢাকার ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে বাপ্পী ও মুন্নাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মফিজুর রহমানকে হত্যা করার বিষয়টি স্বীকার করেছে।  সম্পূর্ণ তথ্য জানার জন্য এখনো জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।
নোয়াখালী সদর সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) নিস্কৃতি চাকমা  জানান, এ বিষয়ে শনিবার বেলা ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
গত ২৭ এপ্রিল রবিবার দিবাগত রাত ২টার দিকে জেলার সূবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের আল আমিন বাজার রাস্তার মাথা এলাকার একটি ধানক্ষেত থেকে গলাকাটা অবস্থায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সদর উপজেলার সভাপতি মফিজুর রহমানের (৬০) লাশ উদ্ধার করে পুলিশ।
[b]ঢাকা, ৩১ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]