পাবনার বেড়া পৌর এলাকায় একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় বৃষ্টি খাতুন (২০) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। অভিযুক্ত ‘মেডিসিটি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার’ ক্লিনিকটি বেড়া বাজারে অবস্থিত।
রোববার ভোরে বৃষ্টি ওই ক্লিনিকে মারা যায়। ঘটনার পর থেকে ক্লিনিকের কর্তৃপক্ষ পলাতক রয়েছে।
জানা গেছে, বেড়া পৌর এলাকার স্যানালপাড়া মহল্লার দেলোয়ার হোসেনের স্ত্রী বৃষ্টির প্রসব বেদনা ওঠলে শনিবার রাত দশটার দিকে তাকে মেডিসিটি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার- এ ভর্তি করা হয় । ক্লিনিক কর্তৃপক্ষ তাৎক্ষণিক তার সিজারিয়ান অপারেশনের ব্যবস্থা করেন। ডা. মামুন নামে একজন চিকিৎসকের তত্বাবধানে বৃষ্টির অপারেশন করা হয়। অপারেশনের পর একটি পুত্র সন্তান জন্ম নিয়ে জীবিত থাকলেও রোববার ভোর ৫টার দিকে বৃষ্টি মারা যায়।
নিহতের পরিবারের অভিযোগ, ভুল অপারেশনের কারণে বৃষ্টির মৃত্যু হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ স্বজনরা রোববার সকাল ৯টার দিকে ক্লিনিকটি ঘেরাও করে। অবস্থা বেগতিক টের পেয়ে পালিয়ে যায় ক্লিনিকের মালিকসহ অন্যরা।
প্রসুতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ বিষয়ে মৃত প্রসুতির পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
[b]ঢাকা, ৮ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]