[b]মাদ্রিদ: [/b]লা লিগায় চলতি মৌসুমে ফের শীর্ষস্থান দখল করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। শনিবার মালাগাকে ১-০ গোলে হারিয়ে বার্সেলোনার চেয়ে তিন পয়েন্ট এগিয়ে গেছে মাদ্রিদের ক্লাবটি।
এই ম্যাচে জয়ের ফলে শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ ১৮ ম্যাচে ৪৯ পয়েন্ট অর্জন করেছে। আর এক ম্যাচ কম খেলে ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ১৭ ম্যাচে ৪১।
শনিবার লা রোসালেদায় প্রথমার্ধ জ্বলজ্বলে পারফর্ম করেছে স্বাগতিকরাই। মাত্র সাত মিনিটে সার্জিও সানচেজের জোরালো শট বারের উপর দিয়ে চলে যায়। অন্যদিকে অ্যাটলেটিকো ২৩ মিনিটের আগে প্রতিপক্ষের গোলমুখে হানা দিতে পারেনি। হুয়ানফ্রানের নিচু শটটি সেবার সহজেই রুখে দিয়েছেন মালাগা গোলরক্ষক উইলি কাবায়েরো।
দ্বিতীয়ার্ধে স্বরূপে ফিরে আসে অ্যাটলেটিকো। ৬২ মিনিটে জায়গা খুঁজে পেয়েছিলেন আদ্রিয়ান, কিন্তু সফল হতে পারেননি। তবে শেষ বাঁশি বাজার ২০ মিনিট আগে কোক ধীর গতিতে আসা বলটি লুফে নিয়ে জালে বল জড়ান।
এদিকে ফের এক নম্বর জায়গাটি দখল করতে রোববার নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে এলাচকে স্বাগত জানাবে বার্সেলোনা।