আগামী ১১ জ্যৈষ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মবার্ষিকী। জাতীয় পর্যায়ে কবি নজরুলের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সরকারিভাবে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার এক তথ্য বিবরণীতে এ কথা জানিয়ে বলা হয়, এ বছর জাতীয় পর্যায়ের মূল অনুষ্ঠান হবে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর হাইস্কুল মাঠে। সকাল ১১টায় অনুষ্ঠান শুরু হবে।
এবার কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মবার্ষিকী উদযাপনের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে 'নজরুল ও অসাম্প্রদায়িকতা'।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
স্বাগত ভাষণ দেবেন সংস্কৃতি সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস। নজরুল স্মারক বক্তা হিসেবে মুহম্মদ নুরুল হুদা উপস্থিত থাকবেন। ধন্যবাদ জ্ঞাপন করবেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী।
এ দিন সকাল সাড়ে ৬ টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কবির জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও নজরুল ইনস্টিটিউট। এছাড়া নজরুল ইন্সটিটিউট আলোচনা অনুষ্ঠানেরও আয়োজন করবে।
মূল অনুষ্ঠানের সাথে সঙ্গতি রেখে জাতীয় কবির স্মৃতিবিজড়িত কুমিল্লার দৌলতপুর এবং চট্টগ্রামে স্থানীয় প্রশাসনের ব্যবস্থাপনায় যথাযোগ্য মর্যাদায় তাঁর ১১৫তম জন্মবার্ষিকী উদযাপন করা হবে।
নজরুল ইন্সটিটিউট ও বাংলা একাডেমি জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণিকা ও পোস্টার মুদ্রণ করবে। নজরুল ইনস্টিটিউট কাজী নজরুল ইসলামকে বর্তমান প্রজন্মের সাথে পরিচিত করার লক্ষ্যে কবির ছবি, পোস্টার ও বই প্রদর্শনীর আয়োজন করবে এবং গণগ্রন্থাগার অধিদপ্তর বই প্রদর্শনী, পাঠ প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করবে।
ঢাকাসহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি যথাযোগ্যভাবে উদযাপন করা হবে। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসসমূহ এ উপলক্ষে কর্মসূচি গ্রহণ করবে।
যে সকল জেলায় জাতীয় কর্মসূচির অংশ হিসেবে নজরুল জন্মবার্ষিকী উদযাপন করা হবে না, সে সকল জেলার জেলা প্রশাসকগণ, স্থানীয় সংসদ সদস্য, জনপ্রতিনিধি ও সুধীজনের সহযোগিতায় কমিটি গঠনপূর্বক যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করবে। স্থানীয় কমিটিতে নজরুল গবেষক, শিক্ষাবিদ, শিল্পী, সাহিত্যিক ও গুণীজন অন্তভূক্ত থাকবেন।
জাতীয় পর্যায়ের অনুষ্ঠান ও অন্যান্য অনুষ্ঠানমালা বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি চ্যানেলসমূহ ব্যাপকভাবে সম্প্রচার করবে।
জাতীয় কবির ১১৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহিনী জাতীয় পর্যায়ের মূল অনুষ্ঠানসহ অন্যান্য অনুষ্ঠানসমূহে ব্যাপক নিরাপত্তা প্রদান করবে।
[b]ঢাকা, ২০ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]
শ্রেণীহীন
নানা কর্মসূচিতে পালিত হবে নজরুলের জন্মবার্ষিকী
আগামী ১১ জ্যৈষ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মবার্ষিকী। জাতীয় পর্যায়ে কবি নজরুলের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সরকারিভাবে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার এক তথ্য বিবরণীতে এ কথা জানিয়ে বলা হয়





