মোটা অংকের চাঁদা না পেয়ে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা রাজধানীর ৯৮নং ধোলাই পাড়ে জাপান ইলেকট্রিক শোরুমে হামলা চালিয়ে নগদ ৬০ হাজার টাকাসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল তছনছ ও লুটপাট চালিয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানের মালিক কেএইচ এনামূল হকের স্বাক্ষর করা ৫৫ লাখ টাকার ব্লাংক চেকের ২টি পাতা ছিনিয়ে নেয়।
রোববার দুপুরে ক্র্যাইম রিপোর্টার্স বহুমুখী সমবায় সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কেএইচ এনামূল হক এই অভিযোগ জানান। এই ঘটনায় শ্যামপুর থানা পুলিশ মামলা না নিয়ে একটি জিডি গ্রহণ করেছে বলেও জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খন্দকার আহসানুল হক, খন্দকার ওবায়দুর হক, মো. কাজল প্রমুখ।
কেএইচ এনামূল হক বলেন, গত ২৪ এপ্রিল দুপুর আড়াইটায় ওই এলাকার চিহ্নিত ভূমি সন্ত্রাসী, দখলদার এবং চাঁদাবাদদের গডফাদার মো. মেজবাহ উদ্দিনের নির্দেশে আমিনুল হক ওরফে ল্যাংড়া আমির, সিরাজ, নদিম, ফাতেমা বেগম ওরফে শিউলী, আলী আকবর উল্লাস ও দুলালসহ প্রায় ৩০-৩৫ জন সন্ত্রাসী তার ইলেকট্রিক শোরুমে হামলা চালায়।
ওই সময় তিনি ইলেকট্রিক শোরুমে উপস্থিত না থাকায় সন্ত্রাসীরা তার কর্মচারীদের মারধর করেন।
এই স্ত্রাসীদের বিরুদ্ধে শ্যামপুরসহ বিভিন্ন থানায় ডজন খানিক মামলা, জিডি ও অভিযোগ রয়েছে।
তিনি বলেন, এই প্রতিষ্ঠানের নামে ব্র্যাক ব্যাংক যাত্রাবাড়ি শাখা থেকে গত বছর ৫৫ লাখ টাকা ঋণ নিয়েছেন।
কেএইচ এনামূল হক বলেন, স্থানীয় মেজবাহ উদ্দিনের কাছ থেকে ৯৮ নং ধোলাইপাড়ে পৌনে ২ শতাংশ জমির উপর নির্মীত ৪তলা ভবনটি ২০০২ থেকে ২০০৮ সাল পর্যন্ত ভাড়া নেন। পরে ২০০৮ সালের ২২ অক্টোবর তিনি ভবনসহ জমিটি ক্রয়ের জন্য প্রথমে ২৩ লাখ ৩৫ হাজার টাকায় ৩০০ টাকার স্ট্যাম্পে রেজিষ্ট্রি মূলে বায়না করেন। কিন্তু নির্ধারিত সময়ে জমিটি রেজিষ্ট্রি করে না দিলে তিনি উকিল নোটিশ পাঠান। ওই নোটিশের পর মেজবাহ উদ্দিন ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন।
তিনি বলেন, আমি খোঁজ নিয়ে জানতে পারি ওই জমিটি ভেসটেড (ভিপি) প্রপার্টি। অর্থাৎ সরকারি সম্পত্তি। পরে তিনি মেজবাহ উদ্দিনের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন। বর্তমানে মামলাগুলো বিচারাধীন রয়েছে।
[b]ঢাকা, একে, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
জাপান ইলেকট্রিক শোরুমে সন্ত্রাসী হামলা
মোটা অংকের চাঁদা না পেয়ে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা রাজধানীর ৯৮নং ধোলাই পাড়ে জাপান ইলেকট্রিক শোরুমে হামলা চালিয়ে নগদ ৬০ হাজার টাকাসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল তছনছ ও লুটপাট চালিয়েছে





