[b]চট্টগ্রাম:[/b] নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীকে কাগুজে বাঘ আখ্যায়িত করে নগর বিএনপির নেতারা বলেছেন,তিনি ( মহিউদ্দিন চৌধুরী) পাগলের প্রলাপ বকছেন।
শনিবার এক বিবৃতিতে বিএনপি নেতারা এ কথা বলেন।
শুক্রবার অনুষ্ঠিত নগর আওয়ামী লীগের বর্ধিত সভায় মহিউদ্দিন চৌধুরীর দেয়া বক্তব্যের বরাতে স্থানীয় পত্রিকায় “নগরীতে আরেকটি গাড়ি পুড়লে নোমানের গাড়ি পুড়িয়ে দেওয়া হবে” শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে নগর বিএনপির নেতারা বলেন, “বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ-আল নোমানসহ চট্টগ্রামের বিএনপির নেতাদের গাড়ী জ্বালিয়ে দেওয়ার যে হুমকি মহিউদ্দিন চৌধুরী দিয়েছেন,তা রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত এবং চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়ানোর ব্যর্থ প্রয়াস।”
বিবৃতিতে তারা বলেন,“মহিউদ্দিন চৌধুরীর অতীত সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বিগত মেয়র নির্বাচনে নগরবাসী ব্যালট বিপ্লবের মাধ্যমে তাকে প্রত্যাখ্যান করেছে। তার উস্কানিমূলক বক্তব্যের কারণে চট্টগ্রামের কোনো সহিংসতা ঘটলে এবং বিএনপির কোনো নেতাকর্মীর ওপর সন্ত্রাসী হামলা হলে তার দায় বাংলাদেশ আওয়ামী লীগ ও মহিউদ্দিন চৌধুরী গংকে নিতে হবে। লাঠিসোঁটা নিয়ে কর্মীদের রাস্তায় নামার প্রকাশ্য ঘোষণা দিয়ে মহিউদ্দিন চৌধুরী ফৌজদারি অপরাধ করেছেন। পুলিশ প্রশাসনকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”
বিবৃতিতে আরো বলা হয়,“দেশের জনমত উপেক্ষা করে,রাষ্ট্রীয় প্রশাসন ব্যবহার করে যারা একতরফা নির্বাচনের স্বপ্ন দেখছে,তাদের জনগণ ৫ জানুয়ারী উপযুক্ত জবাব দেবে। একতরফা নির্বাচনের অংশীদার আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন চৌধুরীও জনরোষ থেকে রেহাই পাবেন না।”
বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী,সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন,সহ-সভাপতি আবু সুফিয়ান,আলহাজ শামসুল আলম,জাসাস সভাপতি কাজী আকবর,সাধারণ সম্পাদক শফিকুর আলম স্বেচ্ছাসেবক দলের সভাপতি সৈয়দ আজম উদ্দিন,সাধারণ সম্পাদক এস কে খোদা তোতন,যুবদলের সভাপতি কাজী বেলাল,সাধারণ সম্পাদক মোশারফ হোসেন দীপ্তি,মহিলা দল সভানেত্রী মনোয়ারা বেগম মণি,সাধারণ সম্পাদিকা জেলী চৌধুরী,শ্রমিক দল সভাপতি তাহের আহমদ,সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকার,ছাত্রদল সভাপতি গাজী মো. সিরাজ উল্লাহ,সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু প্রমুখ।
শ্রেণীহীন
মহিউদ্দিন চৌধুরী কাগুজে বাঘ: বিএনপি
চট্টগ্রাম: নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীকে কাগুজে বাঘ আখ্যায়িত করে নগর বিএনপির নেতারা বলেছেন,তিনি ( মহিউদ্দিন চৌধুরী) পাগলের প্রলাপ বকছেন।





