সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত চার বাংলাদেশির মধ্যে দু’জনের লাশ মঙ্গলবার সকালে দেশে ফিরছে। ভোর ৪টায় এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে করে চাঁদপুরের আলমগীর (৩২) ও মাসুদ ঢালীর (২৪) লাশ শারজাহ এয়ারপোর্ট থেকে দেশে পাঠানোর কথা রয়েছে। ফ্লাইটটি সকাল ১০টা ৪০ মিনিটে বাংলাদেশে পৌঁছার কথা রয়েছে।
দুবাই কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) এ কে এম মিজানুর রহমান জানান, ১০ মে দুবাইয়ের আমিরাত রুটে বাস-ট্রাকের সংঘর্ষে নিহতদের অনেকের চেহারা বিকৃত হয়ে যাওয়ায় তাত্ক্ষণিক লাশ শনাক্ত করা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে দুবাই পুলিশের সহায়তায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে লাশ শনাক্ত করার পর দুবাই বাংলাদেশ কনস্যুলেটের সহযোগিতায় ও কোম্পানি খরচে নিহতদের লাশ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।
অন্যদিকে, আহতাবস্থায় হাসপাতালে ভর্তি থাকা চারজনের মধ্যে আবু তাহের ও আব্দুল কাদের সুস্থ হয়ে ফিরেছে। তবে কিছুটা সুস্থ হয়ে উঠলেও মোহাম্মদ মুজিব ও ইব্রাহিম মিয়াজী এখনও হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।
একই দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের বদরুল হাসানের লাশ দেশে পাঠানোর জন্য টিকেট বুকিংয়ের প্রক্রিয়া চলছে। আগামী দু’দিনের মধ্যে তার লাশও দেশে ফেরত পাঠানো সম্ভব হবে।
ঢাকা, ২০মে (টাইমনিউজবিডি.কম) //জেডআই