যেসব দল নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের নির্বাচনী ব্যয়ের হিসাব দিতে ব্যর্থ হবে তাদের নিবন্ধন বাতিল করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের (ইসি) ভারপ্রাপ্ত সচিব মো. সিরাজুল ইসলাম।
বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (আরপিও) অনুযায়ী, নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ব্যয়ের হিসাব না দিলে সর্বোচ্চ শাস্তি হচ্ছে নিবন্ধন বাতিল করা। সে অনুযায়ী, আগামী ৪ জুনের মধ্যে কেউ হিসাব দিতে ব্যর্থ হলে সর্বোচ্চ শাস্তি দেয়া হবে।
সিরাজুল ইসলাম বলেন, আরপিও অনুযায়ী প্রত্যেক রাজনৈতিক দল নির্বাচনী ব্যয়ের হিসাব দিতে বাধ্য। ফলাফল গেজেট আকারে প্রকাশের ৯০ দিনের মধ্যে হিসাব দিতে হবে। সে হিসেবে ৩০ এপ্রিল ছিল শেষ সময়।
সচিব বলেন, এই পর্যন্ত ৩টি দল তাদের ব্যয়ের হিসাব জমা দিয়েছে। এরমধ্যে বিএনএফের ব্যয় হয়েছে ৫৭ লাখ ৯৮ হাজার টাকা। জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) ব্যয় হয়েছে ১২ লাখ ৩৬ হাজার টাকা। আওয়ামী লীগের ব্যয় হয়েছে ২ কোটি ৫৩ লাখ ৯২ হাজার ৭১২ টাকা।
৫ জানুয়ারি বিতর্কিত ১০ম সংসদ নির্বাচন সব দলের অংশগ্রহণমূলক না হওয়ায় উল্লেখযোগ্য প্রচারণা ছিল না। তাই অনেক প্রার্থী তাদের ব্যয়ের হিসেব দিতে অপারগতা প্রকাশ করে। এছাড়া অধিকাংশ প্রার্থী নির্বাচনের পূর্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় নির্বাচনে তাদের কোনো ব্যয় করতে হয়নি।
[b]ঢাকা, ২২ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]