পাবনার ঈশ্বরদী পৌর এলাকায় যুবদলের ২ গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার দুপুর আড়াইটার দিকে পৌর সদরের লোকেসেড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- ফরহাদ, রানা, আসলাম, সোহেল আখতার, সেরু ও সোহেল। প্রথমে তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানান, আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় যুবদলকর্মী মুরাদ ও আব্দুল্লাহর বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে দুপুরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ১০ জন আহত হন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিমান কুমার দাশ সাংঘর্ষ ও আহতের বিষয় নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানায় এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।
[b]ঢাকা, ৭ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]