ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যাকাণ্ডের ঘটনায় সংসদ সদস্য নিজাম হাজারীর মামাতো ভাইসহ আটক ব্যক্তিদের ঢাকা থেকে ফেনীতে নেওয়া হয়েছে।
শনিবার রাত ১১টার দিকে তাদের ফেনীতে নেওয়া হয়। আটক অন্যদের মধ্যে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়লা জেসমিন বড়মণির ছেলে আবিদ,গাজী সালাম মাহমুদ,মো. জাহিদ,সজল উদ্দিন শিপন,সাজ্জাদুল ইসলাম শিফাত,চৌধুরী মোহাম্মদ নাসির উদ্দিন,জাহিদুল হাসান সৌরভ ও হেলাল উদ্দিন রয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবুল কালাম আজাদ জানান, শুক্র ও শনিবার ঢাকা থেকে র‌্যাব এসব সন্দেহভাজনদের আটক করে। জিজ্ঞাসাবাদে র‌্যাবের কাছে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
তিনি আরও জানান,ঘটনার ক্লু উদঘাটন ও অপরাধীদের গ্রেফতার করতে রাত ১১টার দিকে তাদের ফেনী মডেল থানায় নিয়ে আসা হয়।
রাতে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি। এর আগে বিকেলে পৈশাচিক এ হত্যাকাণ্ডে ব্যাপক আলোচিত ফেনী পৌর কাউন্সিলর ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবদুল্লাহিল মাহমুদ শিবলু থানায় আত্মসমর্পণ করেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার ফেনী শহরে প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে খুন হন একরামুল হক একরাম।
[b]ঢাকা,২৫ শে মে (টাইম নিউজবিডি.কম)/কেএ[/b]