প্রতারণার অভিযোগে তালুকদার নামে একটি ভুয়া কোম্পানীর মালিক ও ম্যানেজারকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
তাদের বিরুদ্ধে রমনা থানায় দায়ের করা একটি প্রতারণার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
আটককৃতরা হলেন ওই ভুয়া কোম্পানীর মালিক আব্দুল্লাহ আল হেলাল (৩৮) এবং ম্যানেজার আজিজুল হক (৩৫)।
ডিবি পুলিশের একটি টিম বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় উত্তর যাত্রাবাড়ীর ৮৭/৩ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তারা ২০১১ সাল থেকে বিভিন্ন কোম্পানীর পরিচয় দিয়ে কয়েকটি জাতীয় দৈনিকে চটকদার বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করে আসছিল।
দুপুর সোয়া ১২ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার কৃষ্ণপদ রায়।
তিনি বলেন, তালুকদার গ্রপ অব কোম্পানী, সাকুরা গ্রুপ অব কোম্পানী, এসবি গ্রুপ অব কোম্পানী এবং শেরাটন গ্রুপ অব কোম্পানী প্রভৃতি নাম ব্যবহার করে সমকাল, ইত্তেফাক, প্রথম আলো এবং বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় চটকদার বিজ্ঞাপন দিয়ে আসছে। প্রকাশিত বিজ্ঞপ্তি গুলোতে পরিবেশক, সেলস রিপ্রেজেনটিটিভ, এরিয়া ম্যানেজার আবশ্যক চেয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করত।
তারা দীর্ঘদিন ধরে তাদের কথিত বিভিন্ন পণ্য বাজারজাতকরণের নাম করে বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে মোবাইলে যোগাযোগ করত। এরপর সেম্পল পাঠানোর জন্য চার্জ নিয়ে সেম্পল পাঠাতো। এনিয়ে তারা বাজার থেকে বিভিন্ন কোম্পানীর পণ্য কিনে লেভেল ছিড়ে নিজেদের লেভেল লাগিয়ে পাঠাতো। যদি কেউ সেই পণ্য নিতে আগ্রহী হত তবে তার কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে আর পণ্য পাঠাত না। আর এভাবেই তারা প্রতারণা করে আসছিল। এক্ষেত্রে তারা ভুয়া কোম্পানীর পরিচয় ও ভুয়া ঠিকানা ব্যবহার করত।
কৃষ্ণপদ রায় আরও জানান, এভাবে বিভিন্ন সময় প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। ভুয়া ঠিকানা এবং কোম্পানীর নাম ব্যবহার করে প্রতারণা করছে এমন একটি অভিযোগ আসলে গোয়েন্দা পুলিশের একটি টিম ৮৭/৩ উত্তর যাত্রাবাড়ীর ৮৭/৩ নম্বর বাড়ি থেকে তাদের গ্রেফতার করে।
রমনা থানায় তাদের নামে ০৬ ফেব্রুয়ারি পেনাল কোডের ৪০৬/৪২০/৫০৬ ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নম্বর হচ্ছে ১২।
[b]ঢাকা,জেইউ,৭ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসএইচ[/b]