অবশেষে স্বস্তির বৃস্টি হলো রাজধানীতে। প্রচণ্ড গরমে রাজধানীবাসী যখন কঠিন পরিস্থিতির মুখোমুখি ঠিক তখন কিছুটা শান্তির পরস বুলিয়ে গেল। টানা ২০ দিন পর এ বৃষ্টি নগরবাসীর জন্য নিয়ে এলো আনন্দের বার্তা।  
শুক্রবার রাজধানীর পাশের কয়েকটি জেলায় বৃস্টি হলেও ঢাকাকে তা স্পর্শ করেনি। শনিবার সন্ধ্যা সোয়া ৬টায় ঢাকার কিছু কিছু এলাকায় বৃষ্টি হয়েছে। বৃষ্টির ফোটা আর মৃদুমন্দ বাতাসে প্রাণ জুড়ায় রাজধানীবাসীর। তবে বৃষ্টি থেমে যায় কয়েক মিনিটের মধ্যেই। রাত ৮টা ৭মিনিটে আবারও প্রত্যাশার বৃষ্টি নামে রাজধানীতে।
এর আগে রাজধানীর আকাশে মেঘমালা সৃষ্টি হয়। বিকাল থেকেই শুরু হয় হালকা বাতাস। ধূলা ওড়ানো সে বাতাসের স্বস্তিতেই বৃষ্টির প্রত্যাশায় আকাশের পানে দৃষ্টি রাখা ও ছাদে আনাগোনা শুরু করে রাজধানীবাসী।
আগের দিন মৌলভীবাজার,নারায়ণগঞ্জ,মুন্সীগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায়সহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হলেও ঢাকায় প্রত্যাশিত বৃষ্টির দেখা মেলেনি।
আবহাওয়া অফিস জানিয়েছিল, আগামী ২৭ ও ২৮ এপ্রিলের মধ্যেই সারদেশে নামবে প্রত্যাশার বৃষ্টি। তবে এই পূর্বাভাসের পূর্বেই প্রাণ জুড়ানো বৃষ্টির ছোঁয়া পেল রাজধানীবাসী।
[b]ঢাকা, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]