[b]লস অ্যাঞ্জেলস:[/b] হলিউডের অনেক অভিনেতা-অভিনেত্রীই সিআইএ'র এজেন্ট হয়ে কাজ করেন বলে ফাঁস করে দিয়েছেন সিআইএ'রই এক সাবেক এজেন্ট। তবে তারা 'দেশপ্রেম' থেকেই এমনটি করেন বলে জানিয়েছেন তিনি। খবর ওয়ার্ল্ড বুলেটিনের।
জন রিজ্জো নামের সিআইএ'র সাবেক এই এজেন্ট তার 'কোম্পানি ম্যান: থার্টি ইয়ার্স অব ক্রাইসিস এন্ড কন্ট্রোভারসি ইন দ্যা সিআইএ' বইতে হলিউডের এমন গোপন তথ্য ফাঁস করেছেন।
বইটিতে রিজ্জো বলেছেন, সিআইএ'র এসব এজেন্টের মধ্যে রয়েছে হলিউডের স্টুডিওগুলোর বিভিন্ন কর্মকর্তা, প্রযোজক, পরিচালক থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রী পর্যন্ত। হলিউডের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা যখন অভিনয়ের উদ্দেশ্যে দেশের বাইরে যান তখনই তাদেরকে কাজে লাগায় মার্কিন সরকার।
দেশের বাইরে সিআইএ'র পেশাদার এজেন্টদের কাজ করাটা অনেক কঠিন বলে জানান রিজ্জো। তবে, এসব হলিউডি লোকদের দিয়ে খুব সহজেই এই কঠিন কাজগুলো করানো যায় বলে জানান তিনি। কেননা, তাদের রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে সহজেই যাতায়াতের সুবিধা।
সিআইএ'র এই গোয়েন্দাগিরিকে অনেক অভিনেতা-অভিনেত্রী পেশা হিসেবে নিলেও অনেকে আবার স্বেচ্ছায় করে থাকেন। তারা স্রেফ দেশপ্রেম থেকে গোয়েন্দাগিরি করেন। তাদের ধারণা, অভিনয় করে টাকা আর নাম কামানোটা একটা পর্যায়ে গিয়ে হাস্যকর হয়ে দাঁড়ায়। তাই 'মহৎ' কিছু করার তাগিদ অনুভব করেন তারা। আর এই তাগিদ থেকেই গোয়েন্দাগিরি। এর মাধ্যমে অভিনয় জগতের বাইরে বাস্তব জগতের ষড়যন্ত্র, কুটিলতারও স্বাদ পান।
অনেক অভিনেতা-অভিনেত্রীকেই দেশের বাইরে থেকে অভিনয় করে ফেরার পর সরকার তলব করে। তাদের কাছে জানতে চায় তাদের সংগ্রহ করা গোয়েন্দা তথ্য। তবে, রিজ্জো কারও নাম প্রকাশ করেননি।
শুধু তাই নয়, সিআইএ'র দক্ষ ও পাকা লোকদেরকে হলিউডের সঙ্গে কোনোভাবে যুক্ত করে নেয়ার জন্য চলচ্চিত্র নির্মাতাদেরকে নির্দেশ দিয়ে থাকে।
টাইম নিউজ/এসএমএ