স্থানীয় সরকার ও প্রশাসন ব্যবস্থা বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ বলেছেন, গত অর্থ-বছরে বাজেটের মাত্র ১২০০ কোটি টাকা স্থানীয় সরকার খাতে বরাদ্দ হয়েছিল, কিন্তু অর্ধেক অংশও স্থানীয় পর্যায়ে যায় না। যার একটা অংশ এলজিআরডি মন্ত্রণালয় রেখে দেয়। উদাহরণ টানতে গিয়ে তিনি বলেন, হবিগঞ্জের ১টা উপজেলার ৫টা প্রকল্পকে ভেঙ্গে ৭৫টা প্রকল্প বানানো হয়েছে, কেননা ১লাখ টাকার উপরের প্রকল্পগুলোর টেণ্ডার ঘোষণা করতে হয়।
রোববার দুপুরে রাজধানীর ব্র্যাক সেন্টার মিলনায়তনে টিআইবি ‘স্থানীয় সরকার খাত: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, সরকারের ত্রাণ ও পূনর্বাসন মন্ত্রণালয়ে এখন সবচেয়ে বেশী দুর্নীতি হচ্ছে।
ড. তোফায়েল বলেন, জাতীয় বাজেটে স্থানীয় সরকার বিভাগের কি অবদান রয়েছে তা জনসমক্ষে প্রকাশ করতে হবে।
বিচার বিভাগের দুর্নীতির কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের আদালতগুলোতে ২৮-৩০ লাখ মামলা ঝুলছে। যার অধিকাংশই স্থানীয়ভাবে মীমাংসা বা সালিশি আকারে শেষ হয়ে যাওয়ার কথা।
প্রশাসনিক অদক্ষতার কথা উল্লেখ করে এই বিশেষজ্ঞ বলেন, বাজেটে ইউনিয়ন পরিষদের সাথে মন্ত্রণালয়ের কোন সমন্বয় নেই। ইউনিয়ন পরিষদগুলোতে পল্লী চিকিৎসক, পশু চিকিৎসক, মৎস্য অফিসার ও নিরীক্ষকদের চেয়ার বা পোষ্ট থাকলেও সেখানে কোনো নিয়োগ নেই বা অফিসাররা গ্রাম পর্যায়ে অফিস করতে যাচ্ছেননা।
[b]ঢাকা, জেইউ, ২৫ মে (টাইম নিউজবিডি.কম)//এনএস[/b]