বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে আজ বৃহস্পতিবার নিজ দায়িত্ব পালনে অফিস করতে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নসরুল হামিদ প্রতিমন্ত্রী হিসেবে থাকলেও এই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা।
মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোফাকখারুল ইকবাল টাইম নিউজ বিডিকে জানান, কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ফাস্ট ট্র্যাক প্রজেক্ট মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সচিবালয়ের ৬ নাম্বার ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। দ্বিতীয় তলার ১২২ নাম্বার কক্ষটিতে বসবেন প্রধানমন্ত্রী। আগে এ কক্ষে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বসতেন। নসরুল হামিদের কক্ষ স্থানান্তর করা হয়েছে তৃতীয় তলায়।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ মন্ত্রণালয়ের বিভিন্ন কক্ষের সংস্কারকাজ সম্পন্ন করা হয়েছে। ১২২ নাম্বার কক্ষের সামনে বসেছে প্রধানমন্ত্রীর নামফলক। আসবাবপত্র পরিবর্তন ও দেয়ালে রং করার মাধ্যমে কক্ষটি নতুনভাবে প্রস্তুত করা হয়েছে। এছাড়া ৬ নাম্বার ভবন ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
গত মহাজোট সরকারের সময়েও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই মেয়াদে প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন এনামুল হক। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত মেয়াদে শেখ হাসিনা তিনদিন এ মন্ত্রণালয়ে অফিস করেছিলেন।
[b]ঢাকা,৬ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]