[b]ঢাকা:[/b] রাজধানী ঢাকার ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি নেই বললেই চলে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। সকাল ১০টা পর্যন্ত কোন কোন কেন্দ্রে দু-চার জন ভোটার উপস্থিত হলেও অনেক কেন্দ্রেই কোন ভোটার আসেননি। রাজধানীর বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে এ পরিস্থিতি দেখা গেছে।
ঢাকা-৪ আসনে (শ্যামপুর-ডেমরা) কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটার উপস্থিত নেই। তবে নিরাপত্তার বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। মহাসড়কের পাশের কেন্দ্রগুলোতে কোন ভোটার উপস্থিত ছিলনা।
যাত্রাবাড়ীর শহীদ জিয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজে সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত দেড় ঘণ্টায় মাত্র ৯ জন ভোটার ভোট দিয়েছেন। ওই কেন্দ্রের ভেতরে তেমন ভোটার উপস্থিতি নেই বললেই চলে। তবে বাইরে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী লাইনে দাঁড়িয়ে ছিলেন।
প্রিজাইডিং অফিসার জানান, সকাল সাড়ে ৯টা পর্যন্ত মাত্র ৯টি ভোট পড়েছে।  বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে পারে বলে জানান তিনি।
ঢাকা-৭ আসনে আজিমপুর গালর্স স্কুল কেন্দ্রে সকাল ৮টা ৪০ মিনিটে কয়েকজন ভোটার দেখা গেছে। জুরাইন আদর্শ বিদ্যালয়ের ঘুরেও একই অবস্থা দেখা গেছে।
ঢাকা-১৫ আসনে (মিরপুর-কাফরুল) কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, কিছুসংখ্যক ভোটার ভোট দিতে এসেছেন।
কাফরুলের হাজী আশরাফ আলী হাইস্কুলে মোট সাতটি কেন্দ্র। সকাল আটটা ৪০ মিনিটে ৭৩নং কেন্দ্রে গিয়ে একজন ভোটারও দেখা যায়নি। একই স্কুলের ৭৪ নং কেন্দ্রে পৌনে নয়টায় একজন ভোটারও দেখা যায়নি। তবে নয়টার দিকে ৬৯নং কেন্দ্রে কয়েকজন ভোটার এসেছেন বলে জানিয়েছেন দায়িত্বরত প্রিসাইডিং অফিসার।
সকাল সোয়া আটটায় মধ্য পিরেরবাগের ফুলকি নার্সারি স্কুলে গিয়ে দেখা যায়, পুরো চত্বর ফাঁকা। সেখানে মাত্র একটি ভোট পড়েছে।
ঢাকা-১৮ আসনের উত্তরা রাজউক মডেল স্কুল কেন্দ্রে ভোটর উপস্থিত সকাল ১০ টা পর্যন্ত দেখা যায়নি।  এ কেন্দ্রে প্রথম দেড় ঘণ্টায় মাত্র ৫টি ভোট পড়েছে। চারটি ভোট কেন্দ্র রয়েছে এ প্রতিষ্ঠানে। সব মিলিয়ে ভোটার আট হাজারেরও বেশি।
দায়িত্বরত সহকারি প্রিসাইডিং অফিসার জানিয়েছেন, সাড়ে নয়টা পর্যন্ত এ কেন্দ্রে মাত্র পাঁচজন ভোটার ভোট প্রয়োগ করেছেন। ভোট কেন্দ্রের বাইরে ভোটারের উপস্থিতি খুবই কম।
এর আশ পাশের কেন্দ্রগুলোর অবস্থা তেমন ব্যাতিক্রম ছিল না। এছাড়া অনেক কেন্দ্রেই সকাল সাড়ে ১০টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত কোন ভোট পড়েনি বলেও খবর পাওয়া গেছে।