জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পূর্ব মাতাপুর এলাকায় ট্রাকের চাপায় বাবা-ছেলেসহ মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে জয়পুরহাট-আক্কেলপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-আক্কেলপুর উপজেলার দোলাপাড়ার আবু কালাম (৩৫), তার শিশুপুত্র স্বাদ ও বগুড়ার সান্তাহার শহরের বাসিন্দা উজ্জ্বল।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউস সাদিক জানান, আবু কালাম তার ছেলে ও উজ্জ্বলকে নিয়ে মোটরসাইকেলে করে জয়পুরহাট থেকে আক্কেলপুর আসছিলেন। পথে পূর্ব মাতাপুর এলাকায় একটি ট্রাককে ওভারটেক করতে গেলে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তারা মারা যান।
ওসি আরো বলেন, খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করেছে।
ট্রাকটি আটক করা হলেও দুর্ঘটনার পরপর ট্রাকের চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।
[b]ঢাকা, ৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]