বাগেরহাটে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পিতা-পুত্র নিহত হয়েছেন। সোমবার বিকালে বাগেরহাট-পিরোজপুর সড়কের বাগেরহাট সদর উপজেলার ফতেপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় নিহতের স্ত্রী নাহার বেগমও (৩৫) আহত হন। তাঁকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহতরা হলেন, বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের পিংগুড়িয়া গ্রামের আব্দুস সালাম মোল্লার ছেলে আল মামুন মোল্লা (৪১) এবং তাঁর সাত বছর বয়সী ছেলে মোল্লা মারুফ হাসান রুপক। নিহত মামুন খুলনা মহানগরের টুটপাড়া এলাকায় বসবাস করতেন। তাঁর খুলনার রূপসা এলাকায় খাবারের হোটেল রয়েছে।
সোমবার সকালে খুলনার বাসা থেকে তাঁর চাচা আল মামুন মোটরসাইকেলে করে চাচী ও চাচাতো ভাই মারুফকে নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে যান।  গ্রাম থেকে খুলনার বাসায় ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন। এতে চাচা ও চাচাতো ভাই নিহত হয়েছেন বলে জানান নিহতের ভাতিজা মোল্লা মুরাদ হাসান।
বাগেরহাট মডেল থানার (এসআই) মো. আনোয়ার হোসেন জানান, পিরোজপুর থেকে ছেড়ে আসা একটি পিকআপ মোটর সাইকেল আরোহী মামুনকে পিছন থেকে ধাক্কা দিলে ওই মোটর সাইকেলে থাকা তিন আরোহী পড়ে যান। এতে মোটরসাইকেলের সামনে থাকা মামুনের ছেলে মারুফ ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয় লোকজন মামুন ও তার স্ত্রীকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মামুনের মৃত্যু হয়।
[b]ঢাকা, ২২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ
[/b]