ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাগেরহাটের শরণখোলায় বিএনপি সমর্থকদের হামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্তত ছয়জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সাউথখালী ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শান্তিপূর্ণভাবে ভোট প্রদান ও নির্বাচন কার্যক্রমে অংশগ্রহণ করতে গেলে জামায়াতের নেতাকর্মীদের ওপর অতর্কিতভাবে হামলা চালানো হয়। এতে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বাগেরহাট-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম বলেন, ‘নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে বিএনপি পরিকল্পিতভাবে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। ভোটারদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করে তারা নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে।’
শরণখোলা উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম কবির বলেন, ‘বিএনপি সন্ত্রাসীরা দেশব্যাপী সহিংসতার রাজনীতি অব্যাহত রেখেছে। আমাদের ছয়জন কর্মীকে কুপিয়ে আহত করা হয়েছে এবং বিভিন্ন কেন্দ্রে ভোট দিতে বাধা দেওয়া হয়েছে। এটি গণতন্ত্র ও ভোটাধিকার হরণ করার স্পষ্ট প্রমাণ।’
তিনি আরও বলেন, এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এ ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও হামলার সময় কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেননি বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে বিএনপি ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এস