দেশের বৃহৎ আলু উৎপাদনকারী এলাকা রংপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে চাষীরা। তারা বস্তা বস্তা আলু ঢেলে দেয় মহাসড়কে। যানবাহনের চাকায় পিষ্ট হয় উত্তরাঞ্চলের কৃষকের অন্যতম অর্থকরী এ ফসল।  
বুধবার সকালে রংপুরের মাহিগঞ্জ সাতমাথা এলাকায় এ ভাবেই মহাসড়ক অবরোধ করে ক্ষোভ প্রকাশ করে আলুচাষীরা।
অবরোধের কারণে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সঙ্গে রংপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকে যান চলাচল।  
আলুর রেশন চালুর দাবি জানিয়ে সরকারের উদ্দেশে চাষীরা বলেন, সরকার আলু কিনে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা), টেস্ট রিলিফ (টিআর) আর নিরাপত্তা বাহিনীর মধ্যে রেশন হিসেবে প্রদান করলে আর বিদেশে রপ্তানি করতে হবে না। এতে অবিক্রিত আলু নিয়ে আর বিপাকে পড়তে হবেনা। চাষীরাও তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারবে। এ ব্যাপারে সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানান বিক্ষোভকারীরা।
উত্তরাঞ্চলের অর্থকরী ফসল হিসেবে স্বীকৃতি পাওয়া আলু ফসল নিয়ে সম্প্রতি বিপাকে পড়েছে চাষীরা। চলতি মৌসুমে প্রতি কেজি আলু বিক্রি করতে হচ্ছে ৩ টাকা দরে। এরপরেও কোনো ক্রেতা খুঁজে পাওয়া যাচ্ছে না। দাদন ব্যবসায়ীদের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে চাষ করে চাষীরা আর ঋণ পরিশোধ করতে পারছে না। অনেকেই ঋণের দায়ে পালিয়ে বেড়াচ্ছেন।
চাষীদের অভিযোগ, এক বিঘা জমিতে আলু চাষ করতে খরচ হয়েছে ২৫ থেকে ৩০ হাজার টাকা। কিন্তু বাজার পড়ে যাওয়ায় উৎপাদিত আলু বিক্রি করে ৫ হাজার টাকাও ঘরে আনতে পারছেনা।
এ সঙ্কট নিরসনে সরকারকে দ্রুত পদক্ষেপ নেবার দাবি জানিয়ে রাজপথে নেমেছে চাষীরা।
[b]ঢাকা, ১২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]