নিহতরা হলেন শিবালয় উপজেলার জাফরগঞ্জ পয়লা গ্রামের বাসিন্দা সোনিয়া (২৬) ও তার মেয়ে জান্নাত। দুর্ঘটনায় সোনিয়ার স্বামী ও মোটরসাইকেল চালক আবুল হোসেন আহত হয়েছেন।
আবুল হোসেন জানান, সকালে স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে কর্মস্থল টাঙ্গাইলের উদ্দেশে রওনা হন তারা। টেপড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
তার ভাষ্য, বাসটি উল্টো দিক দিয়ে আসায় আতঙ্কে সোনিয়া শিশুসহ মোটরসাইকেল থেকে সড়কে পড়ে যান। পরে বাসের চাকায় চাপা পড়ে মা ও মেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সোনিয়াকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তার ১০ মাসের মেয়ে জান্নাত।
আবুল হোসেন অভিযোগ করেন, বাসটি সঠিক পথে চললে এমন দুর্ঘটনা ঘটত না। তিনি এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
বরঙ্গাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, দুর্ঘটনায় জড়িত গোল্ডেন লাইন পরিবহনের বাসটি উথলী এলাকা থেকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তবে বাসের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
এস





