মানুষ কত ধরণের নির্মম হতে পারে ? আর তা যদি হয় নিজের বউকে বিক্রি করে। তেমনি একটি ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায়।  মানব পাচারকারীর হাতে মাত্র আশি হাজার টাকায় বউকে বিক্রি করে দিয়েছে স্বামী। এ ঘটনায় স্বামী রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফতুল্লার পূর্ব দৌলতপুর বাদামতলা আদর্শ নগর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন প্রেমের পর রাকিবুর হাসান রনি ও সাদিয়া আক্তার সাথীর বিয়ে হয়। কিন্তু বিয়ের পরেই বউকে ব্যবহার করে টাকা কামানো ধান্দা শুরু করে রাকিব।
আর সেই মোতাবেক সাদিয়াকে বিদেশে পাঠানোর নাম করে সিঙ্গাপুরের এক মানব পাচারকারী দালালের কাছে মাত্র ৮০ হাজার টাকায় বিক্রি করে দেয়।
সাদিয়ার পরিবার জানায়, ২০১১ সালের আগস্ট মাসে রনি ও সাথী বিয়ে করে। এরপর চলতি বছরের ৭ ফেব্রুয়ারি ৬ মাসের জন্য সিঙ্গাপুরের এক দালালের কাছে ৮০ হাজার টাকায় সাথীকে বিক্রি করে দেয়।
রনি সাদিয়ার বাড়িতে জানিয়ে দেয় ৬ মাস পর ৭ আগস্ট সাদিয়া দেশে ফিরে আসবে। এরমধ্যে সাদিয়া ফোনে কান্নাকাটি করে জানিয়েছে তাকে বিক্রি করে দেয়া হয়েছে। এরপর স্থানীয় লোকজনের সহযোগিতায় রনিকে আটক করে পুলিশ।
জানা গেছে, সাথীকে সিঙ্গাপুর থেকে ফিরিয়ে আনতে তার শ্বশুর ২ মাসের সময় চেয়েছে।
স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক জানান, আদর্শ নগর এলাকার আরসাদুল্লাহর ছেলে রনি একই এলাকার সাহাবুদ্দিনের মেয়ে সাদিয়া আক্তার সাথীকে প্রেম করে বিয়ে করে। পরে তাদের পারিবারিকভাবে গ্রহণ করা হয়।
সোমবার রাতে সাহাবুদ্দিন এসে আমাকে জানায় তার মেয়ে সাথীকে তার স্বামী রনি সিঙ্গাপুরের এক দালালের কাছে বিক্রি করে দিয়েছে। এরপর রনিকে আটক করে পুলিশে সোপর্দ দিই।
এ ব্যপারে ফতুল্লা মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, রনিকে আটক করা হয়েছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
[b]ঢাকা, ১৪ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]