সুশাসনের জন্য নাগরিক (সুজন) স্থানীয় সরকার কমিশন গঠনের দাবি জানিয়েছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে আমলাতন্ত্রের খবরদারি মুক্ত করতেই এই কমিশন গঠনের দাবি জানানো হয়।
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুজনের প্রধান ড. বদিউল আলম মজুমদার এ দাবি জানান।
বদিউল আলম মজুমদার দক্ষ, যোগ্য, নিরপেক্ষ ও ব্যক্তিত্বের অধিকারী ব্যক্তিদের সমন্বয়ে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানান। তিনি নির্বাচন কমিশনকে মেরুদন্ড সোজা করে অবাধ, নিরপেক্ষ ও অর্থবহ করার লক্ষ্যে যথাযথভাবে ক্ষমতা প্রয়োগের আহবান জানান।
এ সময় তিনি স্থানীয় সরকার নির্বাচনসমূহকে দলভিত্তিক না করার আহবান জানিয়ে বলেন, দলভিত্তিক নির্বাচন হলে তা মর্যাদার লড়াইয়ে পরিণত হবে। ফলে জয়ের জন্য দলগুলোর মরিয়া প্রচেষ্টায় সংঘর্ষের জন্ম দেবে। ক্ষমতাসীনরা জয়ের জন্য বিভিন্নভাবে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করে। আর রাজনৈতিক দলগুলো যদি দলভিত্তিক নির্বাচন করতেই চায় তাহলে এজন্য আইন প্রণয়ন করতে হবে।
[b]ঢাকা, ২৯ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]