প্রযোজক যেন পেয়ে গেছেন সোনার ডিম পাড়া হাঁসের দেখা। ‘ট্রিপল সেঞ্চুরি’র পথে ছুটছে ধুম থ্রি। এরই মধ্যে ২১১ কোটি রুপি আয় করা ছবিটি যে গতিতে এগোচ্ছে, তাতে ৩০০ কোটি রুপির বর্ষণের পূর্বাভাসই মিলছে। মাত্রই কদিন আগে গড়া শাহরুখ খানের রেকর্ডটাও ভেঙে দিতে চলেছেন আমির খান। শাহরুখের চেন্নাই এক্সপ্রেস ২১৬ কোটি রুপি আয় করে ভেঙে দিয়েছিল আমিরেরই থ্রি ইডিয়টস ছবির রেকর্ড।
পরিবেশকদের সূত্র থেকে জানা গেছে, ধুম থ্রির এই আয়ের হিসাব শুধু ভারতের থিয়েটারগুলোতে মুক্তি পাওয়া হিন্দি সংস্করণের আয়। অন্যান্য ভাষায় ডাব করে মুক্তি দেওয়া থেকে আয় হয়েছে আরও ১০ কোটি। ভারতের বাইরে থেকেও নাকি আয় করেছে ১০০ কোটি। সেই হিসাবে সব মিলিয়ে ধুম থ্রি আসলে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েই ফেলেছে! আইএএনএস।