কুমিল্লার দেবিদ্বারে বাসচাপায় দুই কলেজছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে দেবিদ্বার উপজেলার বেগমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই কলেজছাত্র হলেন-দেবিদ্বার পৌর এলাকার চেয়ারম্যান বাড়ির মো. জয়দল হোসেনের ছেলে রবিউল ইসলাম (১৮) ও মুরাদনগর উপজেলার পরমতলা গ্রামের মালয়েশিয়া প্রবাসী আবুল কাশেম মিয়ার ছেলে সজিবুল ইসলাম সজিব (১৭)। তারা দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ মীর আবদুল গফুর ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল।
মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদ আলম জানান, ক্লাস শেষে রবিউল ও তার বন্ধু সজিব মোটরসাইকেলে দেবিদ্বার উপজেলা সদরের বাড়িতে ফিরছিল। বেগমাবাদ এলাকায় পৌঁছালে কুমিল্লাগামী সুগন্ধা পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রবিউলের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সজিবকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়।
এদিকে এ ঘটনার পর কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন বাসে আগুন ধরিয়ে দেন। এ সময় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এমআর





