ঢাকা: বুধবার থেকে আরেকটি শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। উত্তরাঞ্চলে কুয়াশা এখনো কাটেনি। কুয়াশা এবং শীতের কারনে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় মানুষের দুর্ভোগ বেড়েছে। বিশেষ করে হতদরিদ্র শ্রেনীর মানুষের জীবনে কষ্ট বেড়েছে বেশী। একেতো  শীতবস্ত্র নেই, আবার  কাজে যেতে না পেরে  আর্থিক কষ্টে দিনাতিপাত করতে হচ্ছে তাদের। মৃদু থেকে ক্রমান্বয়ে তা মাঝারি ধরনের শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে বলে আবহাওয়াবিদরা ধারণা করছেন।
আবহাওয়া দফতরের এক কর্মকর্তা বলেন, এই ধাক্কায় উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্নস্থানের তাপমাত্রা হ্রাস পাবে। এসময় কোথাও তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস এবং কোথাও কোথাও ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। ২/৩ দিন এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। একইসঙ্গে চলতে থাকবে কুয়াশা। সোমবার দেশের সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয় শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিæ তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস।