কুষ্টিয়া জেলার দৌলতপুর সীমান্তের পাকুড়িয়া-ভাংগাপাড়া ১৫৩-৭৩ পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১১ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।
উপজেলার প্রাগপুর ইউপির পাকুড়িয়া-ভাংগাপাড়া সীমান্ত থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়।
ব্যাটালিয়ন ৩২ অধীনস্থ মহিষকুণ্ডি বিজিবি কোম্পানির অধিনায়ক সুবেদার সাখাওয়াত হোসেন জানান, রাত সাড়ে ১১টার দিকে ১৫৩-৭৩ সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় মহিষকুণ্ডি বিজিবির টহল দল ১১ বাংলাদেশিকে আটক করে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন জানান, ১১ জনকে আটক করে অবৈধ অনুপ্রবেশের অভিযোগের মামলা দিয়ে দৌলতপুর থানায় সোপর্দ করেছে মহিষকুণ্ডি বিজিবি।
আটক বাংলাদেশিদের জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার সকালে সীমানা আইন লঙ্ঘন করে অবৈধ অনুপ্রবেশের অভিযোগের মামলা দিয়ে তাদের দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
অন্যদিকে এলাকাবাসী অভিযোগ করে জানান, বৃহস্পতিবার রাতে শতাধিক বিজিবি সদস্য পাকুড়িয়া-ভাংগাপাড়া গ্রামে প্রবেশ করে বাড়ি বাড়ি তল্লাশি করে ১১ জনকে আটক করে নিয়ে গেছে।
আটকরা হলেন- উপেজেলার পাকুড়িয়া-ভাংগাপাড়া গ্রামের দুলাল, সেন্টু, রবি মণ্ডল, আকবর আলী, সেন্টু, রাকিবুল ইসলাম, শিমুল হোসেন, আরিফুল ইসলাম, আফজাল হোসেন, কদম বিশ্বাস ও জাফর ইকবাল।
[b]ঢাকা, ২৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই [/b]