[b]মেহেরপুর:[/b] নিজের তিন বছর বয়সী শিশু সন্তানকে হত্যার অভিযোগে মা সাবিনাকে আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ।
শনিবার সন্ধ্যায় মেহেরপুর সদর থানার উপ-পরিদর্শক আলী আকবর পুলিশ নিয়ে সদর উপজেলার আমঝুপি বাজার থেকে মা সাবিনাকে আটক করেন।
সাবিনা আটক হওয়ার পর তার দ্বিতীয় স্বামী সোনাপুর গ্রামের হায়দার আলী গা ঢাকা দিয়েছেন।
উপ-পরিদর্শক আলী আকবর জানান, চাঁদবিল গ্রামের আয়ুব আলীর মেয়ে সাবিনার সঙ্গে একই উপজেলার মদনাডাঙ্গা গ্রামের বাবর আলীর বিয়ে হয়। কয়েক বছর পরে আরাফাত হোসেন নামে তাদের একটি পুত্র সন্তানের জন্ম হয়।
আরাফাতের জন্মের পর স্বামী-স্ত্রীর বনিবনা না হওয়ায় তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের কিছুদিন পর সাবিনা একই উপজেলার সোনাপুর গ্রামের হায়দার আলীর সঙ্গে দ্বিতীয় বিয়ে হয়।
গত বছরের ১ ডিসেম্বর আরাফাত তার মায়ের সঙ্গে দেখা করার জন্য তার দ্বিতীয় স্বামীর বাড়িতে যায়। পরে পাশের সিংহটি গ্রামের হাফিজুল ইসলামের পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
শিশু আরাফাতের কারণে দ্বিতীয় স্বামীর ঘর করতে সমস্যা হবে ভেবে তারা শিশুটিকে হত্যা করেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
সে সময় তার কোনো পরিচয় না পাওয়ায় মেহেরপুর পৌরসভা অজ্ঞাতনামা হিসেবে লাশ দাফন করে।
শনিবার মা সাবিনাকে আটক করার পর জিজ্ঞাসাবাদ করায় নিহত শিশু আরাফাত তার নিজের সন্তান বলে পরিচয় দেন।
আটক সাবিনা খাতুনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।