[b]চট্টগ্রাম:[/b]চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় শাহ আমানত হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় সুত্র জানায়, ছাত্রলীগ-শিবিরের সংঘর্ষের জের ধরে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শাহ আমানত হল বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এসময় বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম স্বাভাবিক থাকবে। এছাড়া এ ঘটনায় ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভারনমেন্টাল সায়েন্সের অধ্যাপক ড. মোহাম্মদ মহিউদ্দিনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য দু’সদস্য হলেন- ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভারনমেন্টাল সায়েন্সের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন ও সহকারি প্রক্টর মোহাম্মদ অহিদুল আলম।
বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরী বলেন,শাহ আমানত হল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হল বন্ধ থাকবে। এছাড়া এ ঘটনা খতিয়ে দেখতে ড. মহিউদ্দিনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির প্রতিবেদনের উপর ভিত্তি করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার(তথ্য) ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরী সভায় এ অনভিপ্রেত ও দুঃখজনক ঘটনায় ছাত্র নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ করা হয় এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। এছাড়া ছাত্র-ছাত্রী ও সংশ্লিষ্ট সকলের নিরাপত্তার জন্য ক্যাম্পাসে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক ভাবে চালু রাখতে সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল প্রকার সভা-সমাবেশ, মিটিং মিছিল, মানববন্ধন, শোভাযাত্রা ইত্যাদির (বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানাদি ব্যতিত) উপর আরোপিত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।