খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের গুইমারা উপজেলার বুদংপাড়ায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত এবং দুজন আহত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত দুজন বাবা-ছেলে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানিয়েছেন, সিমেন্ট বোঝাই ট্রাকটি চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির দিকে আসছিল। চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি পাহাড়ে ধাক্কা দেয়। তাতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এসে ট্রাকের বডি কেটে তাদের উদ্ধার করে। ঘটনাস্থলে নিহত দুজন হলেন জেলার মানিকছড়ির হাজীপড়ার বাসিন্দা জীবন মজুমদার (৫০) ও তার ছেলে রাজদ্বীপ মজুমদার (১২)। ট্রাকের চালকসহ গুরুতর আহত আরও দুজনকে মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এমআর