[b]ঢাকা: [/b]সমাজসেবা অধিদফতরের দারিদ্র্য নিরসন কর্মসূচির আওতায় পাঁচটি পৃথক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে গত ৩৯ বছরে সুদমুক্ত ঋণ পেয়েছেন ৫৩ লাখ ৬৫ হাজার ২৭ জন। জাতীয় সমাজসেবা অধিদফতর থেকে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সমাজসেবা অধিদফতর সমাজের সুবিধাবঞ্চিত জনসাধারণকে বিনা সুদে ঋণ দেয়। গ্রহীতাদের কাছ থেকে প্রাথমিকভাবে ১০ শতাংশ হারে সার্ভিস চার্জ কেটে রাখলেও পরে বিভিন্নভাবে তা ফেরত দেয়া হয়।
সূত্র জানায়, পল্লী সমাজসেবা কার্যক্রমের অংশ হিসেবে প্রশিক্ষণপ্রাপ্তদের ৫ থেকে ৩০ হাজার টাকা করে দেয়া হয়। এতে ২৪ লাখ ১৫ হাজার সদস্যকে ১৯৭৪ থেকে ২০১৩ সাল পর্যন্ত মোট ২৬৫ কোটি ৩৩ লাখ ২৫ হাজার টাকা সুদমুক্ত ঋণ দেয়া হয়েছে। ১৯৭৫ সাল থেকে শুরু হওয়া পল্লী মাতৃকেন্দ্রের মোট ১২ লাখ ৪০ হাজার ৭৭৬ জন নারী সদস্যকে ৩৯ কোটি ৮০ লাখ ৯০ হাজার ৫০০ টাকা সুদমুক্ত ঋণ দেয়া হয়।
শহর সমাজসেবা কার্যক্রমের অংশ হিসেবে এ পর্যন্ত ১৫ লাখ ৯৪০ জনকে প্রদান করা হয় ৩০ কোটি ৭৪ লাখ টাকা। এসিডদগ্ধ ও প্রতিবন্ধীদের পুনর্বাসন কার্যক্রমের আওতায় ২০০২ সাল থেকে ১ লাখ ৪৬ হাজার ৪৩৭ জনকে ৮১ কোটি ২২ লাখ ৭১ হাজার টাকা দেয়া হয় বিনা সুদে। এছাড়া আশ্রয়ণ প্রকল্পের প্রথম পর্যায়ের ৬১ হাজার ৮৭৪ জনকে দেয়া হয় ২০ কোটি ৭৩ লাখ ১৮ হাজার টাকা।
[b][font=Vrinda]টাইমনিউজবিডি/এসএমআর [/font][/b]





