ঢাকা: আগামী ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাত বিভাগে ২২৬ জন কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ করে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাদের নিয়োগের বিষয়ে জানানো হয়।
আদেশে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এসব কর্মকর্তা সংশ্লিষ্ট এলাকায় অপরাধ প্রতিরোধ কার্যক্রম পরিচালনা, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত অপরাধ প্রতিরোধ ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবে। আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন উপলক্ষে তারা ৩ থেকে ৬ জানুয়ারি দায়িত্ব পালন করবেন।
আদেশে আরো বলা হয়, ২ জানুয়ারি সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের কাছে তাদের রিপোর্ট করতে হবে। তবে ঢাকা মেট্রোপলিটন এলাকার জন্য রিপোর্ট করতে হবে বিভাগীয় কমিশনারের কাছে। সংশ্লিষ্ট দপ্তর থেকে তাদের দায়িত্ব বণ্টন করা হবে বলেও আদেশে জানানো হয়েছে।





