হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দরে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা আটক করেছে বিমান বন্দর কাস্টমসের শুল্ক ও গোয়েন্দা বিভাগ। এ সময়  সামির হোসেন (৩১) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
কাস্টমসের শুল্ক ও গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক উম্মে নাহিদা আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ১২টার সময় সামির হোসেনকে আটক করা হয়। এ সময় তার সাথে লাগেজে থাকা বিদেশি মুদ্রাগুলো উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত বিদেশি মুদ্রার মধ্যে রয়েছে- সৌদি ১ লাখ রিয়াল (৫০০ রিয়েলের নোট ১০০ টি), সংযুক্ত আরব আমিরাতের ২০ হাজার দিরহাম (৫টি ১০০০ দিরহাম ও ৩০টি ৫০০ দিরহামের নোট) এবং ২ হাজার কাতার রিয়াল(৫০০ রিয়েলের ৪টি নোট)।
তিনি  জানান, সামির ঢাকা থেকে বোয়িং এমএইচ-০১৯৭ এ করে কুয়ালালামপুরে যাচ্ছিল। মালয়েশিয়া এয়ার লাইন্সের নিরাপত্তা পর্যবেক্ষণ কাউন্টারের সামনের বোর্ডিং ব্রিজ পার হওয়ার সময় কাস্টমস কর্মকর্তাদের সন্দেহ হলে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সন্দেহ করা হচ্ছে, সে এই মুদ্রাগুলো বিদেশ থেকে স্বর্ণ ক্রয় করে বাংলাদেশে আনার জন্য বহন করছিলো।
[b]ঢাকা, ১৮ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]