[b]কুষ্টিয়া:[/b] আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে সদ্য বিজয়ী সংসদ সদস্য মাহবুব-উল-আলম হানিফ বলেছেন,এই নির্বাচন বাতিল করে সংলাপে বসতে হবে বিরোধী দলীয় নেত্রীর এমন দাবি প্রলাপ বকা ছাড়া আর কিছুই নয়।
মঙ্গলবার সকালে কুষ্টিয়া শহরে নিজ বাসায় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
হানিফ বলেন,আমরা বহুবার তাদেরকে সংলাপে বসার আহবান জানিয়েছি। বেগম খালেদা জিয়া সেই আহবানে সাড়া দেয়নি। জামায়াত-শিবিরকে সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটানোর স্বপ্ন তার বাস্তবায়ন হয়নি। যার জন্য বিরোধী দলীয় নেত্রী প্রলাপ বকছেন।
তিনি আরো বলেন,এই নির্বাচন শেষ হয়েছে। এরপর সরকার গঠন হয়ে তারা কার্যক্রম চালাবে। আমরা ভবিষ্যতে একাদশ সংসদ নির্বাচন কিভাবে কোন রূপরেখায় করা যেতে পারে চাইলে সেটা নিয়ে বিরোধী দলীয় নেত্রী সংলাপে বসতে পারবেন।
এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী,সহ-সভাপতি হাজী রবিউল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।