[b]নারায়ণগঞ্জ:[/b] নারায়ণগঞ্জে ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যালয়ে পেট্রোল বোমা মেরেছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে ১০টায় ফতুল্লার পঞ্চবটি এলাকায় এ ঘটান ঘটে। তবে এ সময়ে কার্যালয়ে কেউ না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে দুপুর ২টায় শহরের অন্যতম প্রাণকেন্দ্র ২নং রেল গেট এলাকাতে পুলিশ বক্স ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পেট্রোল বোমা মারে শিবিরের লোকজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টায় ১০-১২জন যুবক পঞ্চবটিতে আওয়ামী লীগ কার্যালয়ে পেট্রোল বোমা মারে। কার্যালয়টি বাশ ও কাঠ দিয়ে তৈরি থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে ততক্ষণে কার্যালয়ের বেশীরভাগ পুড়ে যায়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (মন্ডলপাড়া) সিনিয়র স্টেশন অফিসার নিয়াজ আহমেদ জানান, প্রত্যক্ষদর্শীরা বলেছে কয়েকজন যুবক এসে আগুন ধরিয়ে দিয়ে চলে গেছে।
একই ধরনের বক্তব্য দিয়েছেন ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এস আই বিল্লাল হোসেন।
এর আগে সকাল সাড়ে ৯টায় ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কের ফতুল্লার মেথরখোলা এলাকাতে শিবিরের লোকজন মিছিল বের করে সড়কে পেট্রোল ঢেলে আগুন দেয়। তাছাড়া রাত সাড়ে ৭টায় বন্দরে একটি ট্রাকে পেট্রোল বোমা মারে দুর্বৃত্তরা।