[b]নিউইয়র্ক:[/b] যুক্তরাষ্ট্রে ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়ের
বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে দেশটির কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে ভিসা জালিয়াতি এবং ভুল তথ্য দেবার অভিযোগ আনা হয়েছে।
এর আগে মামলার অভিযোগ গঠনের সময়সীমা বাড়ানোর জন্য খোবরাগাডের আবেদন খারিজ করে দেয় যুক্তরাষ্ট্রের আদালত।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা বলছেন, ৩৯ বছর বয়সী দেবযানী খোবরাগাড়েকে কূটনৈতিক রেহাইয়ের সুবিধা দেয়া হয়েছিল। অভিযোগ গঠনের আগে বৃহস্পতিবার পররাষ্ট্র দফতর থেকে  দেবযানীকে যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যাবার পরামর্শ দিয়েছিলেন।
তার আইনজীবীরা প্রাথমিকভাবে জানিয়েছিল যে তিনি যুক্তরাষ্ট্র ছেড়ে চলে গেছেন । কিন্তু পরবর্তীতে আইনজীবীরা জানিয়েছেন যে তিনি সে দেশেই অবস্থান করছেন।
দেবযানী তার বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য সময়সীমা বাড়ানোর যে আবেদন করেছিলেন, যুক্তরাষ্ট্রের আদালতে তাও খারিজ হয়ে যায়।
গৃহপরিচারিকার ভিসার আবেদনে তথ্য জালিয়াতি এবং তাকে নির্ধারিত মজুরির চেয়ে কম মজুরি দেওয়ার অভিযোগে গত মাসে নিউইয়র্কে দেবযানীকে আটক করা হয়।
গ্রেফতারের সময় প্রকাশ্যে তার হাতে হাতকড়া পরানো হয় এবং ধরে নিয়ে গিয়ে বিবস্ত্র করে দেহ তল্লাশি করা হয়।
এ ঘটনায় ভারতজুড়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা যায়। এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক অনেকটা উত্তপ্ত হয়ে ওঠে।
দেবযানীকে আটক করে যেভাবে তল্লাশি করা হয়েছে তা অপমানজনক এবং এর জন্য যুক্তরাষ্ট্রকে ক্ষমা চাইতে হবে বলে ভারতের পক্ষ থেকে দাবিও জানানো হয়েছে।
দেবযানী খোবড়াগাডেকে ‘অপমানের’ প্রতিবাদে নয়াদিল্লিতে মার্কিন দূতাবাসের বাইরের নিরাপত্তা বেষ্টনী তুলে দেওয়াসহ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বেশ কয়েকটি পাল্টা ব্যবস্থা নেয় ভারত।
এরই মধ্যে মার্কিন জ্বালানিমন্ত্রী আরনেস্ট মোনিজ তার পূর্বনির্ধারিত দিল্লি সফর বাতিল করেছেন।
মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জেন সাকি জানান, “দু পক্ষ থেকেই বৈঠকের জন্য সুবিধাজনক সময় খোঁজা হচ্ছে। আশা করছি এমন কোন সময় বের করা যাবে। সময় পেছানোর কারণ হলো এখন কোনো পক্ষের জন্যই সুবিধাজনক সময় নয়। ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যেকার জ্বালানি চুক্তি নিয়ে আলোচনার বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ।'
ভারতীয় কূটনীতিক দেবযানীর বিরুদ্ধে অভিযোগ গঠনের জের ধরে ভারত-মার্কিন সম্পর্ক আরও তলানিতে ঠেকতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। সূত্র: বিবিসি