[b]ঢাকা:[/b]বোমাটি ফাটিয়েছে বহুল প্রচারিত জার্মান সাময়িকী ডের স্পিগেল। তারা একটি প্রতিবেদনের জানায় , মার্কিন গুপ্তচরদের একটি ইউনিট বিশেষ যন্ত্র ব্যবহার করে বিশ্বের যে কোন কম্পিউটারে ঢুকতে পারে। শুধু তা-ই নয়,কঠোর নিরাপত্তার মধ্যে থাকা বিভিন্ন তথ্যও সংগ্রহ করতে পারে ওই ইউনিট।  প্রতিবেদনে দাবী করা হয়,  মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) একটি গোপনীয় ইউনিট রয়েছে,যারা বিশ্বের সব কম্পিউটারে প্রবেশ করতে পারে।
ডের স্পিগেল-এর প্রতিবেদনে জানানো হয়,এনএসএর ওই ইউনিটের নাম টেইলরড অ্যাকসেস অপারেশনস (টিএও)। গুপ্তচরবৃত্তির গোপন যন্ত্র ব্যবহার করে কম্পিউটার সিস্টেমে প্রবেশ করে তথ্য চুরি করে টিএও। প্রতিবেদনে এই ইউনিটকে ‘হ্যাকারদের এলিট টিম’ হিসেবে অভিহিত করা হয়েছে।
মার্কিন একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন,এই ইউনিট গোয়েন্দাগিরি করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শাখা,যা আগে দেখা যায়নি।
এদিকে ডের স্পিগেল-এর প্রতিবেদনের জবাবে একটি বিবৃতি দিয়েছে এনএসএ। বিবৃতিতে বলা হয়,টিএও একটি বিশেষ জাতীয় সম্পদ। এটি এনএসএকে জাতীয় নিরাপত্তা ও মার্কিন মিত্রদের রক্ষার জন্য সামর্থ্যবান করে তুলেছে।
ডের স্পিগেল এর আগে এনএসএর আলোচিত সাবেক চুক্তিভিত্তিক কর্মী এডওয়ার্ড স্নোডেনের বরাত দিয়ে মার্কিন নজরদারি-সংক্রান্ত গোপন নথি প্রকাশ করেছিল। এবারের নথি আংশিকভাবে স্নোডেনের সহযোগী বলে পরিচিত লরা পয়ট্রাসের কাছ থেকে পাওয়া।
গত শুক্রবার নিউইয়র্কের একটি আদালত মার্কিন সরকারের নজরদারিকে বৈধ বলে ঘোষণা করেছেন। এর আগে ওয়াশিংটনের একটি আদালত এই নজরদারিকে ‘অসাংবিধানিক’ বলে রুল দিয়েছিলেন। গার্ডিয়ান।