বাংলাদেশ ও ভারতের অভিন্ন নদী তিস্তায় এবারের গ্রীষ্মে পানির প্রবাহ স্মরণকালের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসার পর হঠাৎ করেই বহুগুণ বেড়ে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশের কর্মকর্তারা।
বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের একজন সদস্য মীর সাজ্জাদ হোসেন জানিয়েছেন, নীলফামারির ডালিয়া পয়েন্টে গত ২১ এপ্রিল যেখানে তিস্তায় পানির প্রবাহ ছিল মাত্র ৪৩০ কিউসেক, ২২ এপ্রিল তা বেড়ে দাঁড়িয়েছে ৩০০৬ কিউসেকে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1398227039.jpg[/img]
তিস্তায় হঠাৎ পানির প্রবাহ বৃদ্ধির এই ঘটনা এমন সময় ঘটলো যখন বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি এই নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এক লং মার্চ শুরু করেছে।
তিস্তায় হঠাৎ এভাবে পানির প্রবাহ বৃদ্ধির কারণ জানতে চাইলে যৌথ নদী কমিশনের সদস্য মীর সাজ্জাদ হোসেন বলেন, গত কিছু দিনে পানির প্রবাহ অস্বাভাবিক কমে যাবার পর থেকেই কূটনৈতিক ও জেআরসিসহ বিভিন্ন স্তরে ভারতের সাথে যোগাযোগ করে পরিস্থিতি সম্পর্কে কথাবার্তা হচ্ছে। পানিপ্রবাহ বৃদ্ধি এর একটি ফসল হতে পারে।
"তা ছাড়া এখন এপ্রিলের প্রায় শেষ দিক বলে প্রাকৃতিক কারণেও পানি প্রবাহ বাড়ার কথা" - বলেন মি. হোসেন। তবে তিনি জানান, ভারতের দিক থেকে পানি ছাড়া হতে পারে এমন কোন আগাম তথ্য তাদের কাছে ছিল না।
তবে ৩০০০ কিউসেক পানির প্রবাহ থাকলে তিস্তার ওপর নির্ভরশীল কৃষকরা সেচের ক্ষেত্রে যে গুরুতর সমস্যায় পড়ছেন, তা কিছুটা কেটে যাবে বলে উল্লেখ করেন মীর সাজ্জাদ হোসেন।
অন্যদিকে তিস্তার পানির দাবিতে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি গতকাল এক লংমার্চ কর্মসুচি শুরু করে। যা সন্ধ্যায় এই লং মার্চ বগুড়া ও গাইবান্ধা হয়ে রংপুর পৌঁছেছে। 
[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1398227147.jpg[/img]
আজ বুধবার এটি উত্তরবঙ্গের লালমনিরহাটে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্ট এলাকায় পৌঁছানোর কথা রয়েছে।
[b]ঢাকা, ২৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]