১৫ বিশিষ্ট ব্যক্তি একুশে পদক পেলেন । রাষ্ট্র ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তাদের হাতে এবারের একুশে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পদক প্রদান অনুষ্ঠান শুরু হয়।
[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1392888184.jpg[/img]
পদকপ্রাপ্তদের পরিচিতি পাঠ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একে একে তাদের হাতে একুশে পদক তুলে দেন। পদকপ্রাপ্ত প্রত্যেককে এককালীন নগদ এক লাখ টাকাসহ ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।
[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1392885097.jpg[/img]
পদকের জন্য মনোনীত ১৫ জনের মধ্যে ৩জন পেয়েছেন মরণোত্তর পদক। তারা হলেন ভাষা আন্দোলনে ভাষাসংগ্রামী ডা. বদরুল আলম, শিল্পকলায় নাট্যব্যক্তিত্ব এসএম সোলায়মান এবং ভাষা ও সাহিত্যে লেখক আবদুশ শাকুর।
এছাড়া সাংবাদিকতায় একুশে পদক পেয়েছেন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, ভাষা আন্দোলনে শামসুল হুদা, শিক্ষায় ড. অনুপম সেন, শিল্পকলায় চিত্রকর সমরজিৎ রায়চৌধুরী ও লোকসঙ্গীতশিল্পী সংগ্রাহক রামকানাই দাশ, গবেষণায় ড. এনামুল হক, সমাজসেবায় ডা. মুজিবুর রহমান, শিল্পকলায় অভিনয়শিল্পী কেরামত মওলা, ভাষা ও সাহিত্যে কবি বেলাল চৌধুরী, রশীদ হায়দার, জামিল চৌধুরী ও ছড়াকার বিপ্রদাস বড়ুয়া এবারের একুশে পদক পেয়েছেন।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ১১ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনে এবারের একুশে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করে। প্রতিবছর সরকার বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ মর্যাদাপূর্ণ পদক দিয়ে থাকে। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ১৯৭৬ সাল থেকে এ পদক দেওয়া হচ্ছে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1392888727.jpg[/img]
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস। এর পর মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।
[b]ঢাকা,২০ ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]