নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সেভেন মার্ডারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দায়ের করা মামলার প্রধান আসামী পলাতক কাউন্সিলর নূর হোসেনের অন্যতম ঘনিষ্টজন সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস নীলাকে আটকের দু ঘন্টা পরে ছেড়ে দিয়েছে পুলিশ।
রোববার বিকেল ৬টায় নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকাতে অবস্থিত ফায়ার সার্ভিস স্টেশনের সামনে থেকে তাকে জেলা ডিবির একটি টিম আটক করে নিয়ে যায়। পরে রাত আটটায় তাকে ছেড়ে দেয়া হয়।
কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস নীলা জানান, পুলিশ আমাকে নূর হোসেনের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। পরে উপর থেকে ফোন আসলে আমাকে ছেড়ে দেয়।
এর আগে বিকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন জেলা প্রশাসনের সার্কিট হাউজে সুশীল সমাজের লোকজনদের গণশুনানীতে অংশ নেয় নীলা। সেখান থেকে বেরিয়ে একটি নোয়া মাইক্রোবাসে করে সিদ্ধিরগঞ্জ যাওয়ার পথে তাকে আটক করা হয়।
নারায়ণগঞ্জ সদর থানার ওসি এসএম মঞ্জুর কাদের নীলাকে আটকের সত্যতা স্বীকার করেছেন।
নীলা ইতোপূর্বে গণমাধ্যমকে বলেছেন যে, নূর হোসেন তাকে রক্ষিতা বানাতে চেয়েছিল। তাকে বিভিন্ন সময়ে ৩৫ লাখ টাকা মূল্যের গাড়ি উপহার দেয়। এছাড়া নূর হোসেনের কারণে নীলা তার স্বামীকেও ডিভোর্স দেয়।
[b]ঢাকা, ১৮ মে (টাইমনিউজবিডি.কম) // এনএস[/b]