নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবীসহ অপহৃত ৭ জনের উদ্ধার ও জড়িতদের শাস্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা- সিলেট মহাসড়ক অবরোধ করেছে নজরুল সমর্থকরা।
বুধবার সকাল সাড়ে ৯টা থেকে তারা ফের চতুর্থ দিনের মতো এ কর্মসূচি পালন করে।
অবরোধকারীরা জড়িত থাকার দায়ে অভিযুক্ত সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনকে গ্রেপ্তারের দাবিতে ঢাকা-চট্রগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের মৌচাক থেকে সানারপাড় এলাকা পর্যন্ত মহাসড়কের সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। তবে তারা যানবাহন ভাঙচুর করেনি বলে জানা গেছে।
এ সময় ওই সড়কের দুইপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। যার ফলে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। চরম দুর্ভোগ পোহাতে হয়েছে ওই রুটে চলাচলকারী যাত্রীদের।
অপহৃত নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম ও বিক্ষোভকারীরা অভিযোগ করেন, নজরুল ইসলাম অপহরণ হওয়ার ৪ দিন অতিবাহিত হতে চলেছে। এখন পর্যন্ত তাদের কোনো হদিস পাওয়া যায়নি। অন্যদিকে পুলিশ অপহরণের মামলার আসামিদেরও গ্রেপ্তার করছে না। আসামিদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলেই নজরুলসহ বাকি ৬ জনের সন্ধান পাওয়া যাবে।
[b]ঢাকা, ৩০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]