বাংলাদেশের সঙ্গে ভারতের তিস্তার পানিবণ্টন ও ছিটমহল-বিনিময় চুক্তি সই না হওয়ার পেছনে চক্রান্তের অভিযোগ করেছেন ভারতের বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।
রোববার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক মহাসমাবেশে বিমান বসু এসব অভিযোগ করেন।
তিনি বলেন, ‘এ চুক্তি সই করতে যেদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢাকায় যাওয়ার কথা ছিল, সেদিন তিনি যাননি। পাকিস্তানের রাষ্ট্রদূতও কলকাতায় এসে তাঁর সঙ্গে দেখা করেন।’
সমাবেশে তিনি আরও অভিযোগ করেন, এ চুক্তি সম্পাদিত হলে শেখ হাসিনা সরকারের সুবিধা হবে, এমন অজুহাতে সেখানকার (বাংলাদেশের) ‘মৌলবাদী শক্তি’ মাঠে নামে।
বিমান বসু বলেন, ‘এখন সীমান্তে “মৌলবাদীরা” সক্রিয় হচ্ছে। এসব চক্রান্ত পরাস্ত করতে হবে। পশ্চিমবঙ্গে কোনো দিন ভোট বেচা-কেনা হয়নি। কিন্তু এবার তৃণমূল কংগ্রেস সেটাই ঘটাল। অর্থের বিনিময়ে তারা রাজ্যসভা নির্বাচনে কয়েকজন বিধায়ককে কিনেছে। এবার তৃণমূলের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।’
ভারতে আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে গত ৩০ জানুয়ারি কলকাতার এই গ্রাউন্ডেই মহাসমাবেশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে ৫ ফেব্রুয়ারি একই স্থানে সমাবেশ করেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি। আর গতকাল এখানে মহাসমাবেশ করল বামফ্রন্ট। বিগত দুটি সমাবেশের চেয়ে এ সমাবেশ ছিল বড়।
[b]ঢাকা, ১০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]